ঈশ্বরদীতে করিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ওষুধ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিন চালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢুলটি এলাকায় পাবনা-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৮)। তিনি সলিমপুর ইউনিয়নের জয়নগর হাজিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। পেশায় তিনি ওষুধ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় এক ব্যক্তি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় তাঁর ওষুধের দোকানের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলটি ঢুলটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি করিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রহিম মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন