নিজস্ব প্রতিবেদক: ‘জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকারসহ সংসদ সদস্যদের মধ্যাহ্নভোজ’ শিরোনামে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আওয়ামী লীগে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামে আরআরপি গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানের মিল চত্বরে সংবাদ সম্মেলন হয়েছে।
আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার মনসুর আলম লিখিত বক্তব্যে বলেন, ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় সংবাদপত্র, আঞ্চলিক ও স্থানীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘ডেপুটি স্পিকারসহ ১৩ এমপি জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আরআরপি গ্রুপ ও জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ ১৩ জন সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার জন্য কুচক্রী মহলের ইন্ধনে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা কারো জন্য কাম্য নয়। প্রকাশিত সংবাদে ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু সাংবাদিকদের বলেছেন আরআরপি গ্রুপের মালিক গোলাম আযম, মনিরুল আলম, মনসুর আলম, আজমল আলম। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। আরআরপি গ্রুপের মালিকানায় তিনজন ব্যবসায়ী অংশীদার। তারা হলেন- মনসুর আলম, মনিরুল আলম ও আজমল হোসেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনসুর আলম বলেন, তাঁর ভাই গোলাম আজম জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত। এ জন্য প্রথম থেকে তাঁদের ব্যবসায় অংশ গ্রহন করেনি। কারণ ব্যবসা পরিচালনা করতে হলে ব্যাংক ঋণ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করতে হয়। তিনি কোন ভাবেই সুদ ভিত্তিক কাজের সঙ্গে জড়িত হবে না জন্য আমাদের সঙ্গে প্রথম থেকেই ব্যবসায় অংশ গ্রহণ করেনি, সে আলাদা বাড়িতে বসবাস করেন।
তিনি বলেন, আরআরপি গ্রুপ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে আরআরপির নিজস্ব রেস্ট হাউজে। আরআরপির যেকোনো অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলার সকল স্তরের নেতাকর্মী উপস্থিত হয়ে থাকেন। অথচ সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে ডেপুটি স্পিকারসহ ১৩ জন জাতীয় সংসদ সদস্য এবং দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আরআরপি গ্রুপকে হেয় প্রতিপন্ন করার জন্য মনগড়া সংবাদ পরিবেশন করেছেন। যা সত্যিই দুঃখজনক।
তিনি আরও বলেন, আরআরপি গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা হয়েছে। ঈশ্বরদীর আর্থ-সামাজিক উন্নয়নের এবং বেকার সমস্যা দূরীকরণে ব্যাপক ভূমিকা পালনের পাশপাশি নিয়মিত রাজস্ব প্রদান করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করে আসছে আরআরপি গ্রুপ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনাবাসীকে উপহার হিসেবে মহামান্য রাষ্ট্রপতি ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিয়েছে। এজন্য আমরা সত্যিই গর্বিত। ভবিষ্যতে ঈশ্বরদীতে আরও বড় ধরণের বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন বিষয়ের জন্য মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সহযোগীতা প্রত্যাশা করে আরআরপি শিল্প প্রতিষ্ঠানে তার আগমন নিশ্চিত করা হয়। সেখানে ১৩ জন জাতীয় সংসদের উপস্থিতি আমাদের বাড়তি পাওনা যোগ করে। তারা অবশ্য দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ পরিদর্শন শেষে আমাদের শিল্প প্রতিষ্ঠানে আসে। যা দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক।
মনসুর আলম বলেন, অথচ এই ইতিবাচক বিষয়টিকে নোংড়া রাজনীতির অংশ হিসেবে বিভিন্ন রং চং মাখিয়ে সম্পূর্ণ মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। তাই আমরা ওই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে ভবিষ্যতে এ ধরণের শিল্প প্রতিষ্ঠান ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক ভাইদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের পরিচালক অপারেশন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক।

