![]() |
| শনিবার বিকেলে কালবৈশাখীর আগমনে রাজধানীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ছবি: ফোকাস বাংলা |
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে শনিবার বিকেলে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এর সঙ্গে ছিল বৃষ্টি, কোথাও কোথাও ছিল বজ্রবৃষ্টি। অনেক স্থানে কালবৈশাখীও হয়েছে। বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শনিবার দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছিল। পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববারও সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এর আগে শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাসের কথা জানিয়েছিল। অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এর আগে আর একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলে। সেটা সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য সতর্কসংকেত দেখানো হয়েছে।
চলতি এপ্রিলজুড়ে দাবদাহের পর মাসের শেষের দিকে এসে এই বৃষ্টি হচ্ছে। শনিবার দিনভর রাজধানীতে গরম পড়ছিল। দিনের বেলায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেল হতেই আকাশ মেঘলা হতে শুরু করে। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি হয়।
রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ২১ এপ্রিল। এরপর আবার এক সপ্তাহ ঢাকাসহ সারা দেশে গরম পড়ে। আকাশ থেকে মেঘ বিদায় নেয়। গত ২৭ এপ্রিলে বিকেলে রাজধানীতে বৃষ্টি হয়। এর ঠিক দুই দিন পর গতকাল আবার বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে।

