আমরা বেহেশতের বাগানে প্রবেশ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণ বেহেশতের বাগানে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আপনারা চোখ দুটি যদি বন্ধ করে যদি চিন্তা করেন, ১৫ বছর আগে কী ছিলেন আর আজ কোথায় এসেছেন। তাহলে আর কারও কিছু বলতে হবে না। সবার মনে হবে, আমরা একটা অবস্থান থেকে বেহেশতের বাগানে প্রবেশ করেছি। আমাদের সেই জায়গাটিতে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী একক নেতৃত্ব দিয়েছেন।’

শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা পেশীশক্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে কী বললো, তাতে কোনো কাজ হবে না। বন্ধু দেশগুলো যেমন আমাদের পাশে ছিল, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেয়ার চেষ্টাও করেছে।’

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা কোন ক্রমেই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করবেন না। সেজন্য আমাদের আইন রয়েছে, যারা অপব্যবহার করবেন তারা আইনের মুখোমুখী হতেই হবে। আপনারা কেউ ভূয়া নিউজ দিবেন না, উদ্দেশ্যেমূলক কোন প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেইসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন আমার স্বপ্ন সবই আঁধারে ডুবে যাবে।’

ডিজিটাল বাংলাদেশের সুফল তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন, তখন অনেকেই হাসছিলেন। আজকে তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলে সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট ইকোনমিক গড়ে তুলতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মতো বিশ্ব বিখ্যাত চিকিৎসকও গড়ে তুলতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুঃ আসাদুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমানসহ অন্যরা।

এর আগে বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ ডাক বাংলোতে গার্ড অব অনার দেয়া হয়। পরে মন্ত্রীকে সস্ত্রীক ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। সেখানে থেকে পৌরসভা পর্যন্ত সড়কের দুই পাশে অপেক্ষারত নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে সম্মান জানান।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার শ^শুড়ের গ্রাম কুমিল্লা বরুড়ার উপজেলার মনোহরপুরে একটি বিদ্যালয়েরর উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন