ভোলায় আরও একটি কূপে গ্যাসের সন্ধান

ইলিশা-১ নামে কূপে শুক্রবার গ্যাস পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাপেক্স।

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। ইলিশা-১ নামের এই কূপে গ্যাস পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাপেক্স। শুক্রবার প্রতিষ্ঠানটি সেখানে গ্যাস পাওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে ভোলায় নয়টি কূপে গ্যাসের সন্ধান মিলেছে।

বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই কূপ থেকে দিনে ২ কোটি থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এই কূপে ১৮০ থেকে ২০০ কোটি ঘনফুট গ্যাস (বিলিয়ন কিউবিক ফুট বা বিসিএফ) রয়েছে।

তবে এ কূপের গ্যাস জাতীয় গ্রিড বা সঞ্চালন পাইপ লাইনে আসবে না। কারণ ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকাসহ দেশের কোথাও গ্যাস নেয়ার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে পাইপলাইন স্থাপনের দাবি জানালেও এখন পর্যন্ত সেটি করা হয়নি। ফলে এই নতুন আবিষ্কার গ্যাস সংকটের কোনো সমাধান করবে না।

আগামী ১৫ মে থেকে এই কূপের গ্যাস উত্তোলনের কথা রয়েছে। পাইপলাইন না থাকায় ভোলায় সীমিত আকারে সেখানকার গ্যাস ব্যবহার করা হয়।

বাপেক্সের ভূ-তত্ত্ববিদ মো. আলমগীর হোসেন  বলেন, ভোলায় নতুন আরও একটি কূপে গ্যাসের সন্ধান ভালো খবর। দ্রুত এই কূপ থেকে গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে।

ভোলা গ্যাসক্ষেত্র বাপেক্সই ১৯৯৫ সালে আবিষ্কার করে। সেখান থেকে সংস্থাটি ২০০৯ সাল থেকে গ্যাস উত্তোলন করছে, যা শুধু ভোলায় ব্যবহৃত হয়। ভোলায় এখন পর্যন্ত নয়টি কূপ খনন করা হয়েছে

ভোলায় এবারের কূপ খনন করেছে রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম। রাশিয়ার প্রতিষ্ঠান বললেও এটি নেদারল্যান্ডসে নিবন্ধিত। রাশিয়ান ফেডারেশনের মূল গাজপ্রম এটি নয়। ভোলায় গাজপ্রমের কূপ খননে একটির ব্যয় পড়েছে ১৮০ কোটি টাকা। অথচ বাপেক্সের এই কূপ খনন করতে ৭০ কোটি টাকা ব্যয় হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন