নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগামীকাল শুক্রবার দুপুরে সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রাঙ্গণে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছেলে বারিশ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় ডা. জাফরুল্লাহর মেয়ে বৃষ্টি চৌধুরী, তার ভাই সাবেক রাষ্ট্রদূত নাজমুল্লাহ চৌধুরী, ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ্ চৌধুরী উপস্থিত ছিলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করতে চেয়েছিলেন তার পরিবার। সে কারণে তিনি যেখানে পড়াশোনা করেছেন, সেই ঢাকা মেডিকেল কলেজ ও তার গড়ে তোলা সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজে যোগাযোগ করা হয়। কিন্তু দুই প্রতিষ্ঠানের কোনো চিকিৎসকই ডা. জাফরুল্লাহর প্রতি সম্মান জানিয়ে শরীর কাটতে রাজি হননি। পরবর্তী সময় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই দাফন করার সিদ্ধান্ত নেয় তার পরিবার।
এ বিষয়ে বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবার সারা জীবনের ইচ্ছা ছিল যেন তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করা হয়। সন্তান হিসেবে তার শেষ আশাটা পূরণ করতে চেষ্টা করেছিলাম। আমরা দেহ দানের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজে যোগাযোগ করেছি। কিন্তু দুই প্রতিষ্ঠান থেকেই আমাদের জানানো হয়েছে, কোনো চিকিৎসক বাবার শরীরে ছুরি চালাতে পারবেন না। সম্মানের জায়গা থেকে তারা এটা করবেন না বলেছেন। তাই আমরা বাবার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে দাফন করব।’
বারিশ চৌধুরী আরও বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ শেষ হলেও আমার বাবার যুদ্ধ জীবনের শেষনিশ্বাস পর্যন্ত চলেছে। বাবার কাছে সবচেয়ে বড় ছিল দেশ, দেশের মানুষ ও তাদের অধিকার। অধিকারের জন্য তিনি সারা জীবন লড়াই করেছেন। তিনি চেয়েছেন আমরাও যাতে মানুষের অধিকারের জন্য লড়াই করি। শুধু লড়াই নয়, তিনি অধিকার আদায় করতে চাইতেন।’
ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতার পাশাপাশি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। এ অবস্থায় তাকে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে সমাহিত করা হবে
এই সময়ে
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩

