![]() |
| সোমবার রাজধানীর বসুন্ধরা শপিংমলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ১৪ এপ্রিল দেশে উদযাপিত হওয়া বাংলা নববর্ষ পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। পহেলা বৈশাখে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বের হবে। তিনি বলেন, সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।
সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা শপিংমলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কোনো হুমকি থাকুক বা না থাকুক, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, রমজান মাসে ঢাকা মহানগরীর সব শপিংমলে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্তরে নিরাপত্তাবলয়ও তৈরি করা হয়েছে।
মানুষ যাতে সহজে শপিংমলে আসা-যাওয়া করতে পারে, সে জন্য ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘আমাদের ট্রাফিক পুলিশরা সার্বক্ষণিক রাস্তায় থাকে, যাতে রমজানে নগরবাসীকে রাস্তায় ইফতার করতে না হয় এবং তারা সময়মতো তাদের বাড়িতে পৌঁছাতে পারে।’
আইজিপি বলেন, ঈদ ও পহেলা বৈশাখের আগে মানুষ যাতে কেনাকাটা করতে পারে সে জন্য ঢাকা শহর ছাড়াও সারা দেশের বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ছাড়া আমরা সব মার্কেটে নিরাপত্তা জোরদার করেছি। পুলিশের সব ইউনিট জনগণকে নিরাপত্তা দিতে একযোগে কাজ করছে।
ব্রিফিংকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

