রোহিঙ্গাদের আরও ২৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিতে এ অর্থায়ন ব্যবহার করা হবে।

সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, নতুন এ অর্থায়ন কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শিশু, অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের জন্য তাজা খাবারসহ প্রয়োজনীয় খাদ্য এবং পুষ্টি সরবরাহে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে কাজ করবে।

রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতির মধ্যে যুক্তরাষ্ট্রের এই সহায়তার ঘোষণা এল। তহবিল ঘাটতির কারণে রোহিঙ্গাদের খাবারের জন্য বরাদ্দকৃত তহবিল কমানোর ঘোষণা দিয়েছে ডব্লিওএফপি।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র শরণার্থীদের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গাদের সহায়তায় আরও অনেক তহবিল প্রয়োজন। রোহিঙ্গাদের সাহায্যার্থে অন্য দাতাদের অতিরিক্ত সহায়তা প্রদানে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র।’

রোহিঙ্গারা যাতে মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে সক্ষম হয় সেজন্য তাদের টেকসই জীবিকা নির্মাণের কর্মকাণ্ডে নিয়োজিত করার অনুমতি দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশে বর্তমানে প্রায় ১০ লাখ মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এদের বেশির ভাগই কক্সবাজারের শরণার্থী শিবির ও ভাসানচর দ্বীপে বসবাস করছে। মৌলিক চাহিদা মেটাতে তাদের মানবিক সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তার শীর্ষস্থানীয় অবদানকারী যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সংকট নিরসনে সাড়া দিয়ে দুই বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দেয়া হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন