বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় মজনু সেখ (৪২) নামের এক যুবক বাবাকে নিজের রক্তদানের ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

মজনু সেখ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু সেখের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

মজনু সেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে গ্রামের বাড়ি আসেন। তার গুরুতর অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে রোববার দুপুরে রক্ত দিয়ে হাসপাতাল থেকে তিনি বাড়ি আসেন। বাড়ি এসে তিনি ক্ষেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে তিনি অসুস্থ বোধ করেন। এরপর স্বজনরা তাকে রোববার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন