![]() |
| আতিকুল ইসলাম। ছবি সংগৃহিত |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার রাজশাহীর ডিআইজি মো: আব্দুল বাতেন তাঁর কার্যালয়ে শ্রেষ্ঠ এসআই হিসেবে আতিকুল ইসলামকে পদক ও সনদপত্র তুলে দেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মুজাহিদুল ইসলাম, পাবনার এসপি মহিবুল ইসলাম খান, সকল জেলার এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত মাসে ঈশ্বরদী থানায় মাদক, অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিষয়ে অবদান রাখায় রাজশাহী বিভাগের আট জেলার সকল থানার এসআইদের মধ্যে তিনি শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন। রাজশাহী ডিআইজি কার্যালয়ে নিয়মিত মাসিক অপরাধ সভায় মূল্যায়ন হিসেবে বিভাগের শ্রেষ্ঠ এস আই হিসেবে মনোনীত করে। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তাঁর কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এস আই আতিকুল ইসলামসহ বিভিন্ন পদে পুরস্কার পাওয়া শ্রেষ্ঠদের মাঝে এই পদক ও সনদপত্র বিতরণ করেন।
এসআই আতিকুল ইসলাম ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। ঈশ্বরদীতে আলোচিত মামলা নিখোঁজ কলেজছাত্রের ১০ টুকরো মরদেহ উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিল বিশেষ অবদান রাখায় তাঁকে গত ১৬ জানুয়ারি পাবনায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার ও পদক দেওয়া হয়। পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মুঠোফোনে এসআই আতিকুল ইসলাম বলেন, "আমার এই অর্জন বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জন। আমি যেন আগামীতে এই অর্জন অক্ষুণ্ণ রেখে মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।"

