পাবনায় মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’

 লাল জমিন নাটকের দৃশ্যে মোমেনা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনা জেলা পুলিশের উদ্যোগে ‘লালজমিন’ মঞ্চস্থ হয়েছে। বুধবার সন্ধ্যায় পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়।

বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার মান্নান হীরা রচনা ও তরুণ প্রতিভাবান সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় শূন্যন রেপার্টরি দল প্রযোজিত মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে নারীর সংগ্রামী জীবনের ওপর রচিত নাটকটির ২৯৭তম প্রদর্শনী হলো। এতে একক অভিনয় করেন মঞ্চের শক্তিমান নাট্যশিল্পী মোমেনা চৌধুরী।

গল্পে দেখা যায়, কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ। নাটকের গল্প তেরো পেরিয়ে চৌদ্দ বছর ছুঁই ছুঁই এক কিশোরী কন্যার। কিশোরীর দুচোখ জুড়ে মানিক বিলের আটক লাল পদ্মের জন্য প্রেম। সে কৈশোরেই শোনে বাবা-মায়ের মধ্যরাতের গুঞ্জন। শুধু দুটি শব্দ কিশোরীর মস্তকে আর মনে জেগে রয়, মুক্তি-স্বাধীনতা। ওই বয়সে কিশোরী এক ছায়ার কাছ থেকে প্রেম পায়। বাবা যুদ্ধে চলে যায়।

অগোচরে কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাওয়ার আয়োজন করে, সশস্ত্র যুদ্ধ। কিন্তু বয়স তাকে অনুমোদন দেয় না। এক পর্যায়ে কিশোরীর সেই ছায়া প্রেম সম্মুখে দাঁড়ায়। সে তার সেনাপতিকে চিনতে পারে। তারপর যুদ্ধযাত্রা। লক্ষ্যে পৌঁছবার আগেই পুরুষ যোদ্ধারা কেউ শহীদ হোন, কেউ নদীর জলে হারিয়ে যান। পাঁচ যুবতীসহ যুদ্ধযাত্রী এই কিশোরীর জীবনে ঘটে নানা অভিজ্ঞতা। চৌদ্দ বছরের কিশোরীর ধবধবে সাদাজমিন যুদ্ধকালীন নয় মাসে রক্তরাঙা হয়ে ওঠে।

নাট্যাভিনেত্রী মোমেনা চৌধুরীর প্রাণবন্ত অভিনয় নাটকটি নিমিষেই সবাইকে আকৃষ্ট করে। চরিত্রানুযায়ী কণ্ঠের সূক্ষ্ম কাজ যেমন দেখিয়েছেন তেমনি নাচ এবং কোরিওগ্রাফিতে নিজেকে মিলিয়ে দিয়েছেন গল্পের বুনুনিতে। নাটকের পোশাক সেট আলো সবই যেন মোমেনা চৌধুরীকে নিয়ে গেছে মুক্তিযুদ্ধের সেই সময়ে। মঞ্চে মোমেনা চৌধুরী যেন হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের অন্যতম দলিল।

নাটকের পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সঙ্গীত পরিকল্পনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু ও নীলা সাহা। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।

নাটকটির মঞ্চায়ন উপলক্ষে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাবনা-৫ আসনের সংসদ খন্দকার গোলাম ফারুক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, আমিরুল ইসলাম রাঙ্গা, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন সম্পাদক পলয় চাকী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলার সভাপতি চন্দন কুমার চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন