রাশিয়া ছেড়ে যাওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি : রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর যেসব প্রতিষ্ঠান দেশটি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সেই প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। আজ বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন বলেন, যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ করে চলে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে ‘বহির্দেশীয় ব্যবস্থাপনা চালু’ করতে পারে রাশিয়। এরপর যারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর আগ্রহ প্রকাশ করবে, তাদের হাতে সেগুলো তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বৈধ পথ খুঁজে বের করব।’

রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের খবরে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো। এরপর প্রায় ৩১০টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম রাশিয়া থেকে গুটিয়ে নিয়েছে।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, যেভাবে বিদেশি প্রতিষ্ঠানগুলো তার দেশের বাজার থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে তাতে স্পষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, ‘এ জন্য বৈধ পথ রয়েছে। এখানে কোনো স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। আমরা এই সংকট সমাধানের আইনী পথ খুঁজে বের করব।’

এদিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরই মধ্য একের পর এক ইউক্রেনীয় শহর গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। আর ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া ট্যাংক ও কামান ধ্বংস, যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে রাশিয়ার। সব মিলিয়ে ১৪ দিন ধরে যুদ্ধ চালিয়েও এখনো ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন