![]() |
| ভালাদিমির শভেটস | |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিকের সঙ্গে সৃষ্ট ঘটনায় কাজাকিস্তানের এক নাগরিক খুন ও তাঁর এক ভাই আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুরের নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর বিল্ডিংয়ের ১০ তলার ১০৬ নম্বর কক্ষের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ওই বিদেশি নাগরিকের নাম ভালাদিমির শভেটস (৫২)। সে গত বছর থেকে রূপপুর প্রকল্পে কর্মরত রয়েছে। তার ভাই বেরেজনয় অ্যান্ডেও রূপপুর প্রকল্পে কর্মরত। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন বেলারুশীয় নাগরিককে আটক করেছে ও মামলার প্রস্তুতি চলছে। রাতে ওই কক্ষ থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। আহত নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় আনা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে পাবনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হত্যাকাণ্ডের তদন্তে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। তারা সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা করছেন।
পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ভালাদিমির শভেটস রূপপুর প্রকল্পে ‘নিকিমত এটমস্ট্রয়’ নামে একটি বিদেশি সাব-ঠিকাদার প্রতিষ্ঠানে শ্রমিক পরিচালক (ফোরম্যান) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ভাই বেরেজনয় অ্যান্ডেও রূপপুর প্রকল্পের ‘রোসেম’ নামে সাব-ঠিকাদার প্রতিষ্ঠানে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে চাকরি করেন।
প্রাথমিক খোঁজখবর পুলিশ জেনেছে, ভালাদিমির শভেটস ভাই ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেমে’ চাকরি করলেও তাঁর টাকাপয়সা পাওনাদি নিয়ে কিছুদিন ধরে জটিলতা চলছিল। এটা নিয়ে কথাবলার জন্য শনিবার সন্ধ্যায় শভেটস তাঁর ভাইকে সঙ্গে নিয়ে রোসেমে চাকরি করা তিন বেলারুশীয় কর্মকর্তার সঙ্গে গ্রিনসিটি ভবনের ওই কক্ষে যায়। কিছুসময় পর অবস্থানের পর ওই কক্ষের ভেতরেই কাজাকিস্তানের নাগরিকের সঙ্গে বেলারুশীয় নাগরিকের মধ্যে মারামারি ও ধস্তাধস্তি শুরু হয়। এতে ছুরিকাঘাতে আহত হন শভেটস। সেখানে তার মৃত্যু ঘটে। এর পরপরই সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখান থেকে একটি চাকু জব্দ ও ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজন বেলারুশীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে কাজাকিস্তানের নাগরিক ছুরিকাঘাতে খুন ও তাঁর ভাই আহত হয়েছেন। নিহত পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ৪টি চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত তাছাড়া এ স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।’
তিনি আরও জানান, ‘বিদেশিদের ভাষাগত সমস্যার কারণে মামলার প্রাথমিক তদন্ত কাজ সমস্যা হচ্ছে। এতে সঠিক তথ্য পেতেও বেগ পেতে হচ্ছে পুলিশকে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর রাতে নিকিমত কোম্পানির শাখা পরিচালক ওয়াই ভি ফেডোরোভ লিখিতভাবে একটি প্রাথমিক তথ্য রিপোট থানায় দিয়েছেন। কিন্তু মামলা হিসেবে গ্রহণ করার জন্য এটি যথেষ্ট নয়। তাই খোঁজখবর নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, গ্রীন সিটি আবাসিক এলাকার বিভিন্ন ভবনে প্রায় পাঁচ হাজার বিদেশি নাগরিক থাকেন। এদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, ইউক্রেনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
তিনি বলেন, বেলারুশের নাগরিকদের সাথে মারামারিতে কাজাখস্তানের নাগরিক নিহত হওয়ার ঘটনা পুলিশ ও প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল বাহিনী তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন কিংবা পারিবারিক বিরোধের কারণে তাদের মধ্যকার দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।
রুহুল কুদ্দুস আরও বলেন, এটি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। এতে প্রকল্পের সার্বিক নিরাপত্তায় কোন প্রভাব পড়েনি। গ্রীনসিটির পরিবেশও স্বাভাবিক রয়েছে।

