অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি  | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:  রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

সদরঘাট সূত্র জানায়, লঞ্চটি ঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল। লঞ্চের পেছনের দিক দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, সকাল ১০টা ৫২ মিনিটে তাঁরা লঞ্চে আগুন লাগার খবর পান। সকাল ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৫ জনের বেশি নিহত হয়। সরকারি হিসাবে নিখোঁজ ব্যক্তির সংখ্যা অন্তত ৩০। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন