| আব্দুল কুদ্দুস (বাঁয়ে) ও শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত |
নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাংসদ আবদুল কুদ্দুস। পাশাপাশি বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ রোববার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
আবদুল কুদ্দুস নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ ও শরিফুল ইসলাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে কমিটির অন্যান্য পদ পূরণ করবেন।
সম্মেলনের প্রথম অধিবেশনের পর আগের কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের নিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ আলাদাভাবে মতবিনিময় করেন। এ সময় তাঁরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গেও মুঠোফোনে পরামর্শ করেন। সেখান থেকে মঞ্চে ফিরে সাংসদ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন ও অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা চান।
সম্মেলনে আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম সঞ্চালনা করেন। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অব্যাহত থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। চলতি বছরে দেশে অনেকগুলো মেগা প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উন্নয়নের সুফল শিগগিরই জনগণ পেতে শুরু করবে।
| নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। |
আবদুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, কোনো অপশক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না। এ জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা–কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণের নিকট আওয়ামী লীগ সরকারের সাফল্যের বার্তা পৌঁছে দিতে হবে।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার রক্ত আপস জানে না। তাই সব রক্তচক্ষু উপেক্ষা করে একে একে সব হারিয়ে শেখ হাসিনা দেশের ১৭ কোটি মানুষকে আপন করে নিয়েছেন। বিএনপি মহাসচিবকে জিনে ধরেছে মন্তব্য করে তিনি বলেন, তিনি আকাশ, বাতাস, মাটির তলায় আওয়ামী লীগকে দেখতে পান। যাঁরা সার্চ কমিটিতে আছেন, তাঁরা সবাই নাকি আওয়ামী লীগ। বিএনপি মহাসচিবের চিকিৎসা দরকার।
সম্মেলনে অন্যদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, অধ্যাপক মেরিনা জাহান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের নারী সাংসদ রত্না আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
