| আটক। প্রতিকি ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সেরাজুল প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা গাছ ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর স্কুল পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সেরাজুল ওই গ্রামের মৃত মোসলেম প্রামাণিকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্বে একদল পুলিশ লক্ষীকুন্ডা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় সেরাজুলকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসত বাড়ির উঠান থেকে ৩টি গাঁজা গাছ জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সেরাজুল গাঁজা গাছের চাষ করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
