করোনার টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের লাইন
নিজস্ব প্রতিবেদক: কোভিড প্রতিরোধে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার শিক্ষার্থীদের জন্য টিকা দেওয়া শুরু হয়েছে। ১২ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করে।
আজ ছিল ঈশ্বরদী সরকারি সাড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জন্য টিকা প্রদানের নির্ধারিত দিন।
কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার এ বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছে। এরা ফাইজারের টিকা গ্রহণ করছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা। এজন্য শিক্ষার্থীরা শনিবার সকাল থেকেই হাসপাতালের সামনে লাইনে দাঁড়ায়। উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম নিজে উপস্থিত থেকে টিকা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আইনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
টিকা নেওয়া শেষে নির্ধারিত বিশ্রামকক্ষে শিক্ষার্থীরা বিশ্রাম নেয়। টিকা নেওয়া স্কুলছাত্রী মিথিলা মাহবুব বুশরা জানায়, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে প্রথমে একটু দ্বিধা লাগছিল। পরে দ্বিধা কেটে যায়। করোনার ভয়টা আমার মধ্যে আর থাকবে না।" স্কুলছাত্র সামী মো: জামিম জানায়, "করোনার প্রথম ডোজের টিকা নিতে পেরে আমার খুবই আনন্দ লাগছে।" ডাক্তার আসমা খানম বলেন, আজ শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। এর আগেও শিক্ষার্থীদের টিকা কোভিড টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে ঈশ্বরদীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
