প্রতীকী ছবি
|
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি এক যুবকের। গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু সংযোগ সড়কের নতুনহাট গোলচত্বরে ব্র্যাক অফিসের সামনে থেকে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ যুবকের নাম এম বি মামুন (৩৫)। তিনি উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন চা বিক্রেতা।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু সংযোগ সড়কের নতুনহাট গোলচত্বরে ব্র্যাক অফিসের সামনে থেকে মামুন নিখোঁজ হন। ওই দিন রাতেই তাঁর ভাই জহুরুল ইসলাম থানায় ডায়েরি করেন। গতকাল শুক্রবার পর্যন্ত মামুনের সন্ধান দিতে পারেনি পুলিশ।
নিখোঁজ যুবকের ভাই জহুরুল ইসলাম বলেন, মামুন চরসাহাপুর নতুন হাট মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। আধা ঘণ্টা পর মামুন তাঁর বড় ভাবিকে মোবাইল ফোনে জানায় ‘আমাকে র্যাব ধরে নিয়ে যাচ্ছে, আমার মোটরসাইকেল ব্র্যাক অফিসের সামনে আছে। যে কাউকে দিয়ে গাড়িটি বাড়িতে নিয়ে যান।’ তখন থেকেই মামুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে আসা হয়।
জহুরুল ইসলাম আরও বলেন, মামুনের সঙ্গে কারও শত্রুতা নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নন তিনি। থানায় কোনো মামলাও নেই তাঁর নামে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, র্যাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। র্যাব নিশ্চিত করেছে যে তাঁরা মামুনকে তুলে নিয়ে যায়নি। মামুনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে তাঁর ভাবির নম্বরে ফোন করার সত্যতা পাওয়া গেছে। তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন মোটরসাইকেল রেখে যাওয়া ব্র্যাক অফিসের সামনে দেখা গেছে।
