পাবনায় দুই পরিবারের সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধসহ আহত ৫

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় দুই তরুণ-তরুণীর সম্পর্ক নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বারোভাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হওয়া তিনজন হলেন আজাহার মোল্লা (৬৫), আজগর মোল্লা (৪৫) ও খায়রুল মোল্লা (৩০)। বৃহস্পতিবার রাতেই তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারোভাগিয়া গ্রামে দুটি পরিবারের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। একটি পরিবারের এক তরুণ আরেক পরিবারের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত আটটার দিকে তরুণীর চাচাতো ভাই তাঁর লোকজন নিয়ে তরুণের বাড়িতে হামলা চালান। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।

গুলিবিদ্ধ হওয়া তিনজনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

পাবনায় দুই পরিবারের সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধসহ আহত ৫
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন