ঈশ্বরদী আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বরে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামালের সঙ্গে ঢাকায় ধানমন্ডির কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ সাক্ষাৎকার করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

গেল বৃহস্পতিবার উপজেলা সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম পুনো এ বিষয়টি নিশ্চিত করেন।

এসএম কামাল বলেন, অভ্যন্তরীণ সংকটের কারণে ঈশ্বরদী আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁর কাছে এসেছিলেন। তিনি তাঁদের সমস্যার কথা শুনে সেপ্টেম্বর মাসের মধ্যে সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বারোটার দিকে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের সঙ্গে তাঁর কার্যালয় দেখা করেন। দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার একপর্যায়ে তিনি মেয়াদোত্তীর্ণ ঈশ্বরদী উপজেলা কমিটি অব্যাহত রেখে দ্রুত সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মেয়র ইসাহাক আলী মালিথা, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম পুনো, পৌর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা কমিটির সহসভাপতি ফরিদুল আলম, কবিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ দলের ডজন খানেক নেতা-কর্মী।

সভায় উপস্থিত সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম পুনো বলেন, ‘আমাদের কাঙ্ক্ষিত আলোচনা সফল হয়েছে। দলের ভেতর যেন স্বাধীনতাবিরোধীরা কোনো সুযোগে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য আমরা সতর্ক রয়েছি।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন