নিজস্ব প্রতিবেদক: ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ২০৫ জন ব্যবসায়ীকে প্রায় কোটি টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে ৬৮টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার ক্ষেত্রে যে সব সরকারি দপ্তর বা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন, তাদের সঙ্গে সমন্বয় করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের সমন্বয়ে ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদনকারীর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে ২০৫ জন ব্যবসায়ীকে ৯৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ছয়জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর একজনের বিরুদ্ধে মামলা করা হয়। ধ্বংস করা হয় বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য।

