আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়েছেন—এমন রোগীদের তুলনায় টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা বেশি। টিকা না নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুঝুঁকিও বেশি। গত মে ও জুন মাসে এ গবেষণা পরিচালনা করে আইইডিসিআর।
গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু টিকা নেননি, এমন ব্যক্তিদের ৩ শতাংশের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হওয়ার প্রয়োজন হয়েছিল। আর পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল ১ শতাংশের কম রোগীকে। টিকা না নেওয়া রোগীদের ৩ শতাংশ মৃত্যুবরণ করেছেন, আর টিকা নেওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছিল শূন্য দশমিক ৩ শতাংশের।
গবেষণায় দেখা গেছে, টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ। দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ৪ শতাংশ। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসের জটিলতার হার দুই ডোজ টিকা নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের তুলনায় ১০ শতাংশ বেশি।
করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের উপসর্গ জটিল, তাঁদেরই হাসপাতালে ভর্তি হতে হয়। আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, টিকা না নেওয়া রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশ। আর দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৭ শতাংশ।
করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত এবং টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ। আর দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ১০ শতাংশ।

