রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

করোনা ভাইরাস প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুজন ও পাবনার একজন। তাঁদের মধ্যে সাতজন করোনায় মারা গেছেন।

করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে নাটোরের তিনজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে আছেন। এ ছাড়া রাজশাহীর একজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা যান ১৫ জন। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। আগস্ট মাসে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে ৫২ জনের মৃত্যু হলো। গত জুলাই মাসে মারা যান ৫৩৫ জন। আর গত জুন মাসে মারা যান ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩০ জন। এখনো হাসপাতালে ভর্তি মোট ৩৯২ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৭৩ জন, সন্দেহভাজন ১৪৭ জন ও নেগেটিভ ৭২ জন। আগের দিন রোগী ছিল মোট ৩৯০ জন।

আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৭০ জন। পাবনার রোগী ৭১ জন, নাটোরের রোগী ৫৬ জন, নওগাঁর ৩৮ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা ৫১৩।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৩২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৪ শতাংশ। আগের দিনে এ হার ছিল ২৭ দশমিক ১৭ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩২ দশমিক ৯৮ শতাংশ।

নওগাঁর ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ এসেছে ২৭ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ। এর আগের দিন এই জেলার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন