করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন ফজল-এ-খোদা

ফজল-এ-খোদা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: সালাম সালাম হাজার সালাম’ গানের কালজয়ী গীতিকার ফজল-এ-খোদা আর নেই। তিনি করোনাভাইরাসে আআক্রান্ত হয়ে আজ রোববার ভোর ৪টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ফজল-এ-খোদার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

১৯৬৩ সালে বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে কর্মজীবন শুরু করেন ফজল-এ-খোদা। অবসরে যান বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবে।

ফজল-এ-খোদা দেশের একজন প্রথিতযশা শিশুসাহিত্যিক, খ্যাতিমান গীতিকার, লেখক ও কবি। তাঁর  কালজয়ী লেখা ও আব্দুল জব্বারের কন্ঠে গাওয়া ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি একাত্তরে স্বাধীনতাকামী বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল।

এছাড়া ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে' 'ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, বাসন্তী রং শাড়ী পড়ে’, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘ভাবনা আমার আহত পাখির মতো, পথের ধুলোয় লুটোবে’র মতো শ্রোতাপ্রিয় অনেক গান লিখে গেছেন তিনি।

গান লেখার পাশাপাশি ছড়াকার, সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন ফজল-এ-খোদা। শিশু কিশোর সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা তিনি। সত্তর দশকে তিনি শিশু কিশোরদের মাসিক পত্রিকা ‘শাপলা শালুক’ সম্পাদনা করেন।

তাঁর লেখা ১০টি ছড়াগ্রন্থ, পাঁচটির কবিতার গ্রন্থসহ মোট ৩৩টি বই প্রকাশিত হয়েছে।

ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর লেখা 'সালাম সালাম হাজার সালাম' গান বিবিসির তালিকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের মধ্যে ১২তম স্থানে রয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন