ঈশ্বরদীতে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছাদ থেকে পরার প্রতীকী ছবি।  
 
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে চারতলা ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম মোহন আলী (৩৫)। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

মোহন নাটোরের লালপুর থানার পালিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) কামারুজ্জামান। তিনি বলেন, রোববার দুপুরে থানাপাড়া এলাকায় ইকবাল হোসেনের নির্মানাধীন ভবনের চারতলার উপরে মোহন সাটারের কাজ করছিলেন। অসাবধানতায় হঠাৎ তিনি এখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন,  এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন