![]() |
| কোস্টগার্ড স্টেশন, হাতিয়া, নোয়াখালী।ফাইল ছবি। |
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়ার মেঘনা নদীসংলগ্ন আজমার খাল হয়ে গলদা চিংড়ির রেণু পোনার একটি বড় চালান অবৈধভাবে পাচার করা হবে। ওই তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। তখন অবৈধভাবে পাচারের সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১ কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব পোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। এ সময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা রেণু পোনাগুলো আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তমরুদ্দি এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার এ এস এম লুৎফর রহমানক তিনি বলেন, নদী থেকে গলদা চিংড়ির রেণু পোনা আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একটি সংঘবদ্ধ পাচারকারী দল ওই চিংড়ি পোনাগুলো নদী থেকে সংগ্রহ করে অবৈধভাবে অন্যত্র পাচার করছিল। কোস্টগার্ডের অভিযানের ফলে তাদের অপচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

