করোনায় আক্রান্ত ৫৭ বিচারক চিকিৎসাধীন, সুস্থ ২৫০

প্রতীকী ছবি
 
নিজস্ব প্রতিবেদন: অধস্তন আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় ৩০৮ জন বিচারক করোনায় আক্রান্ত হন। তাঁদের মধ্যে ২৫০ জন সুস্থ হয়েছেন। অপর ৫৭ জন বিচারক চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত হয়ে একজন বিচারক মারা গেছেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ গত বছরের ২৪ জুন মারা যান।

সুপ্রিম কোর্টের মুখপাত্রের তথ্যমতে, চিকিৎসাধীন ৫৭ জন বিচারকের মধ্যে ১২ জন ঢাকা বিভাগে, চট্টগ্রাম ও রাজশাহীতে ৭ জন করে ১৪ জন, খুলনায় ১৮ জন, বরিশালে ৬ জন, সিলেটে ৩ জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে চিকিৎসাধীন।

অন্যদিকে বিচার বিভাগীয় কর্মচারীদের মধ্যে ৬২৮ জন করোনায় আক্রান্ত হন, যাঁদের মধ্যে ৪৮১ জন সুস্থ হয়েছেন। এখনো ১৪০ জন কর্মচারী চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত হয়ে ৭ জন কর্মচারী মারা গেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন