ঈশ্বরদীতে পুলিশকে নিয়ে অপপ্রচার, আটক ২

পুলিশ

নিজস্ব প্রতিবেদন: তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) পুলিশের অভিযান নিয়ে ফেসবুক ও ভিডিও লাইভে অপপ্রচারের ঘটনায় পাবনার ঈশ্বরদীতে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পাকশী লালন শাহ সেতু সংলগ্ন মোড় থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর শহরের মো. আলাউদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৫) ও আলী রাজ হোসেনের ছেলে লিটন রাজ (২৫)।

পুলিশ জানায়, উপজেলার পাকশী রূপপুরে লালন শাহ সেতু সংযোগ সড়ক মোড়ে বৃহস্পতিবার বিকেল থেকে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছিল। অভিযান চলাকালে হঠাৎ কুষ্টিয়া থেকে মোটরসাইকেল নিয়ে আসা দুই যুবক পুলিশের তল্লাশি চৌকির সামনে দাঁড়িয়ে ফেসবুকে অপপ্রচার ও ভিডিও লাইভে ব্যঙ্গাত্মক পোস্ট দেয়। আব্দুর রহমানের মোবাইল ও ফেসবুক আইডি থেকে ভিডিও ধারণ করেছিল তার বন্ধু লিখন রাজ।

পুলিশের উপপরিদর্শক (এস আই) জাকির হোসেন বলেন, ফেসবুক আইডিতে লেখা ছিল ‘সাবধান পাকশী ব্রিজ মোড়ে পুলিশের চেকপোস্ট চলছে। ধরলেই ১৫ হাজার টাকা।’ বিষয়টি মুহূর্তেই টের পেয়ে যায় তল্লাশি চৌকির পুলিশ সদস্যরা। তাৎক্ষণিক দুজনকে আটক ও মোবাইল যাচাইবাছাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আটক দুই যুবক কেন এমন ব্যঙ্গাত্মক পোস্ট দিলেন সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অপতৎপরতার তথ্য পেলে দুজনকে গ্রেপ্তার করা হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন