![]() |
| প্রতীকী ছবি |
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় চরমপন্থি দলের এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন মসজিদের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিল বলে জানা গেছে। আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার পরে গুলির আওয়াজ শুনতে পারি। রাস্তায় গিয়ে দেখি কোনো লোকজন নেই। পরে শুনতে পারি পাটক্ষেতে মরদেহ রেখে তারা গা ঢাকা দিয়েছে সন্ত্রাসীরা।
তারা আরও জানান, বিল্লাল পাবনা শহর থেকে গ্রামের বাড়িতে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। ঠিক বাড়ি পাওয়ার আগ মুহূর্তে তাকে কিছু যুবক গুলি করে। পরে হত্যা নিশ্চিত করে তারা পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি মো. জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

