![]() |
প্রতীকী ছবি
|
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় খোকন বিশ্বাস (৩৯) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সকাল ১০টায় দাশুড়িয়া-নাটোর মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে। নিহত খোকন ওই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত রাম বিশ্বাসের ছেলে। তিনি মুলাডুলি ইক্ষু খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে একটি ভ্যানরিকশায় চরে নিজের বাড়ি থেকে মুলাডুলি বাজারের দিকে যাচ্ছিলেন খোকন। এসময় বিপরীত দিক থেকে আসা দাশুড়িয়াগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত লেগে ঘটনা স্থলে তিনি মারা যান। এতে আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপরই চালক তাঁর প্রাইভেটকার নিয়ে পালানোর সময় দাশুড়িয়ার সরইকান্দি নামক স্থানে এলাকাবাসী সেটি আটক করে। এসময় কৌশলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে এসে প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নিহত ভ্যানযাত্রীর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

