![]() |
| ঈশ্বরদীতে মাটি ব্যবস্থাপনা আইনে ৩ ইটভাটার মালিক গ্রেপ্তার |
নিজস্ব প্রতিবেদন: ফসলি জমি ও নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে ঈশ্বরদীতে তিন ইটভাটার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন ও বিলকেদার গ্রামের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন লক্ষীকুন্ডা গ্রামের জামাল উদ্দিন জয়, জামিরুল ইসলাম ও বিলকেদার গ্রামের রাজা প্রামাণিক।
অভিযানে নেতৃত্ব দেওয়া রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই আতিকুল ইসলাম জানান, দীঘদিন ধরে কিছু অসাধু লোক লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মার তীরবর্তী নবীনগর, দাদাপুর ও বিলকেদার এলাকার চরাঞ্চলে কৃষি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি চুরি করছিল। এসব মাটি তারা ইটভাটায় ব্যবহার করতেন। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সেখানে দেখতে পায় ভেকুর মাধ্যমে ফসলি মাটি কেটে তিনটি ইট ভাটাতে সরবরাহ করা হচ্ছে। এসময় তিন ইটভাটার মালিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মামলা হয়েছে। গ্রেপ্তরের পরপরই তাদের আদালতের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

