ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১২০ ফুট কেক তৈরি করলেন প্রতিবন্ধী যুবক

 জাঁকজমকপূর্ণ আয়োজনে কেকটি আনুষ্ঠানিকভাবে কেটে মুজিব শতবর্ষের ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মুজিব ভক্ত  এক যুবকের আন্তরিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে ১২০ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির সুদৃশ্য একটি কেক। কেকটির ওজন ৮০০ পাউন্ড।

বুধবার রাত ৯টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে শহরের মধ্য অরনকোলায় জাতির জনকের রাত্রিকালীন অনুষ্ঠানের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, সাবেক পৌর মেয়র ও বর্তমান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও কেকের উদ্যোক্তা হিরক আহমেদ।

ঈশ্বরদী শহরের মধ্য অরনকোলার আলহাজ ক্যাম্পে হিরক আহমেদের বাসা। আত্মপ্রত্যয়ী হিরকের একটি একটি হাত নেই। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধের টানে দুই লাখ টাকার অধিক খরচে ব্যতিক্রমী বিশালাকৃতির কেকটি তৈরি করেছেন। ছয় দিন ধরে কেকটি তৈরির কাজ চলে। প্রশিক্ষিত ২৫ জন দক্ষ বেকারি শ্রমিক উৎপাদনের কাজে সহযোগিতা করেন। হিরক জানান, তিনি ছাত্র অবস্থায় ২০১২ সালে জাতির পিতার জন্মদিনে বিশালাকৃতির একটি কেক তৈরির স্বপ্ন দেখেন। সেই থেকে তিনি পরিকল্পনা শুরুর করেন। পরে হিরক তাঁর নিজস্ব প্রতিষ্ঠান 'ইসলাম এটোসের সহযোগিতায় জাতির পিতার জন্ম শতবার্ষিকীর জন্য কেকটি তৈরি করেন।

বুধবার মুজিব জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে সবাইকে উপহার দিতে তিনি মধ্য অরনকোলায়  'শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ' মাঠে রাতে কেকটি কাটা ও প্রদর্শনীর আয়োজন করেন অনুষ্ঠানের।
 
এদিকে বিশাল এই কেকটি দেখতে দুপুরে পর থেকে দুর দুরান্তের মানুষ এলাকায় ভিড় জমাচ্ছেন।

হিরক আহমেদ জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কেকটি তৈরি করেছি। তিনি বলেন, "আমি ক্ষুদ্র একটি ব্যবসা করি। আমার সামর্থ্য নেই বড় আয়োজন করার। তবু কিছু অর্থ দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে ১২০ ফুট দৈর্ঘ্যের কেক করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।"

শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজা বলেন, এই কলেজ চত্বরে কেকটি কাটা হয়েছে যা সত্যিই গর্বের।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন