ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৫০টি ইয়াবাসহ মনিরুল ইসলাম ওরফে মনির (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার নতুনহাট গোলচত্বর এলাকায় থেকে তাকে আটক করা হয়। মনির সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'মনির একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সদস্য। দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।'

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।'

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন