![]() |
| প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম |
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মার্চ) থেকেই তার অবস্থার অবনতি ঘটে।গত দুই সপ্তাহ আগে এইচ টি ইমাম কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার বলেন, “তিনি [এইচটি ইমাম] অসুস্থ হয়ে পড়ায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। তিনি এখন হাসপাতালের আইসিইউতে রয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে।”
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ৮২ বছর বয়সী হোসেন তৌফিক ইমাম।

