![]() |
| করোনার টিকা নিলেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। |
নিজস্ব প্রতিবেদক: আনন্দঘন পরিবেশে ঈশ্বরদীতে কোভিড- ১৯ টিকার প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নির্ধারিত টিকাকেন্দ্র ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের হলরুমে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
উদ্বোধন ঘোষণার পর ঈশ্বরদী উপজেলায় প্রথমে টিকা গ্রহণ করেন প্রাক্তন সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা ৭১ বছর বয়সী মঞ্জুর রহমান বিশ্বাস, দ্বিতীয় টিকা নেন টিকা নেন বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা ৭২ বছর বয়সী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও তৃতীয় টিকা গ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা কোভিডের প্রথম ডোজের টিকা শরীরে প্রদান করান।
এরপরই টিকা গ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডাক্তার আসমা খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, মেডিক্যাল অফিসার (এম,সি,এইচ,এফপি) ডাক্তার আব্দুল বাতেন, ডাক্তার জেড ফয়েজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম শামীম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা জামান, মেডিক্যাল অফিসার ডাক্তার উর্মি সাহা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক স্বপন, কাজী রকিব উদ্দীনসহ করোনার প্রথম সারির যোদ্ধারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে ঈশ্বরদীতে প্রথম ধাপে ১০ হাজার ৪৫১ ডোজ টিকা এসেছে। গত ৪ ফেব্রুয়ারি পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের কাছ থেকে করোনার এসব টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এফ এ আসমা খান। শনিবার দুপুর পর্যন্ত ঈশ্বরদীতে টিকা নিতে আগ্রহী ৩৫০ জন মানুষ সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেছেন। রোববার ১০০ জনকে টিকাদানের জন্য নির্ধারণ করা হয়।
ডাক্তার এফ এ আসমা খান জানান, ১০ হাজার ৪৫১ ডোজ টিকা এখানকার ৫ হাজার ২২৫ জন ব্যক্তিকে দুই ডোজ করে দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার পর ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা একই ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সাত ইউনিয়নে পর্যায়ক্রমে টিকা প্রয়োগ শুরু করা হবে। এজন্য একাধিক টিম কাজ করছে। প্রতি টিমে ২ জন টিকাদান কর্মী ও ৪ জন স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। ইতিমধ্যে টিম সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রয়োগ সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

