পদ্মায় বালু ব্যবস্থাপনা আইনে গ্রেপ্তার ৪, ট্রাক জব্দ

ঈশ্বরদী থানায় বালু বোঝাই তিনটি ড্রাম ট্রাক জব্দ।

সংবাদ সাতদিন প্রতিবেদক: ঈশ্বরদীতে অবৈধ বালু বোঝাই তিনটি ড্রাম ট্রাকসহ ৪ জনকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে এ ড্রাম ট্রাকগুলো আটক করার সময় অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে  গ্রেফতার করেছে রূপপুর ফাঁড়ি পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের আতিয়ার সরদারের ছেলে বাদশা সরদার(৫০), আটঘরিয়া উপজেলার সোনাকন্দর গ্রামের মৃত রোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (৯০), যশোর জেলার অভয়নগর থানার বাশুয়ারী গ্রামের মৃত মিজানুর শেখের ছেলে এনামুল শেখ (২২),  লালপুর থানার মহেশ্বর টাঙ্গাইলপাড়ার আনোয়ার হোসেনের ছেলে সবুজ আলী(২১)।  

এ ঘটনায় বালু  ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায়  ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। এ মামলার  পলাতক আসামী হলেন লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আকরাম মেম্বারের ছেলে সুজাউল ইসলাম (৩৫), দাদাপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে মজুলমত হোসেন (৩৩)। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন হতে তিনটি বালুবোঝাই ড্রাম ট্রাক ও একটি ট্রাক রূপপুর মোড়ের দিকে আসার সময়  ট্রাকগুলোকে সংকেত দিয়ে  রাস্তার উপর থামানো হয়। এসময় তাদের কাছে বালুর উৎস সম্পর্কে জিজ্ঞেস করলে এবং নদী হতে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে আসামীরা তা দেখাতে ব্যর্থ হয়। পরে পুলিশ গাড়িগুলো আটক  করে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, ঈশ্বরদী থানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র , লালনশাহ সেতু , হার্ডিঞ্জ ব্রীজ সহ পদ্মা নদীর তীরসমুহ হুমকির মুখে ফেলে চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এছাড়াও  লক্ষ্মীকুন্ডা  ইউনিয়নের বিভিন্ন কৃষি জমি ও নদী পাড়ের মাটি কেটে সংঘবদ্ধ এই চক্রটি অবৈধ মাটি ও বালুর ব্যবসা চালিয়ে আসছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালু  ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন