নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা ভবনের সামনে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব বিড়ি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নকল আকিজ বিড়িগুলো বিভিন্ন জেলায় পাঠানোর প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও এর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। পরে এস এ পরিবহনের কুরিয়ার অফিসের সামনের একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত যান) থেকে ২০ কার্টন ও ১৫ বস্তা বিড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বিড়িতে মোট ২০ হাজার প্যাকেট বা প্রায় ৫ লাখ শলাকা ছিল, যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দকৃত বিড়িগুলো ঈশ্বরদী থানায় রাখা হয়েছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত পণ্য কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

