নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরতে অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসময় ৪২৫ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৫২ জন বাংলাদেশিও রয়েছেন।
শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এই বৈধ নথিপত্রহীন বিদেশিদের আটক করা হয়েছে।শনিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘সিনার ডেইলি’ ও ‘বার্নামা’র খবরে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্ট ভবনে অভিযান চালায়। কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর সামসুল বদরিন মহসিন বলেছেন, ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তিনটি ব্লকে অভিযানে দেখা যায়, ৪২৫ জনের কাছেই বৈধ ভ্রমণ নথি নেই। সেজন্য তাদের আটক করা হয়।
সামসুল বদরিন মহসিনের তথ্য মতে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৭১ জন পুরুষ, ৫৩ জন নারী এবং একজন শিশু রয়েছে। এদের মধ্যে ২৫২ বাংলাদেশি ছাড়াও রয়েছেন ইন্দোনেশিয়ার ৩০ জন, মিয়ানমারের ১০৮ জন, ফিলিপাইনের দুইজন, পাকিস্তানের সাতজন, কম্বোডিয়ার ছয়জন এবং নেপালের ২০ জন নাগরিক।
সিনার ডেইলির প্রতিবেদনে বলা হয়, ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। তারা বলছিলেন, এলাকায় অনেক বেশি অবৈধ অভিবাসী রয়েছেন।
আটক ব্যক্তিদের বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ও ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে তদন্ত করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

