ডেপুটি স্পিকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডেপুটি স্পিকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ডেপুটি স্পিকারকে দেখতে হাসপাতালে গালিবুর রহমান শরীফ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক টুকুকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি। 

শনিবার সকালে তিনি হাসপাতালে যান। 

গালিবুর রহমান শরীফ এমপি একটি ছবি ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘তিনি (শামসুল হক টুকু) অনেকটা সুস্থ এখন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে পাবনার বেড়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শামসুল হক টুকু। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর জরুরি চিকিৎসার জন্য ওইদিন বেলা তিনটার দিকে হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় নেওয়া হয়।  

পাবনা জেলায় পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা, সেচ ও উন্নয়ন প্রকল্পের পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের উন্নয়নের কথা ভাবতেন। কৃষকের ভাগ্য পরিবর্তনে পাবনায় তিনি নদী রক্ষা কর্মসূচি হাতে নিয়েছিলেন। ইছামতী নদীর পাড় ভাঙা রোধে এবং নদীতে গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরিতে সুফলভোগীদের পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। 

পাবনার রত্নদ্বীপ রিসোর্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পাবনা জেলায় পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা, সেচ ও উন্নয়ন প্রকল্পের পুনর্বাসন কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর এই মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়।

মতবিনিময় কর্মশালায় প্রকল্পটির গাণিতিক মডেলিং কম্পোনেন্ট বিষয়ে ডা. মো. রেজাউল হাসান এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে পানি সম্পদ প্রকৌশলী মিরাজুল হোসাইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর  কর্মশালায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

বাপাউবো উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বাপাউবো মহাপরিচালক শহিদুল ইসলাম, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, সংবাদমাধ‌্যম দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে বিশ্বে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়। জাতির পিতা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন। তার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি ক্ষমতায় আসার পর অনেক ইলেকট্রনিক মিডিয়ার অনুমোদন দিয়েছেন এবং তারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে। বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব।

শনিবার দুপুরে ঈশ্বরদীতে বিএসআরআইের এসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সাতদিন পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সংবাদমাধ‌্যম একটি সমাজের দর্পন, সংবাদত্রের মাধ‌্যমের একটি দেশের প্রকৃত উন্নয়ন ও চাহিদার চিত্র উঠে আসে। সংবাদমাধ‌্যম দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। সংবাদপত্র অনুসন্ধানী সাংবাদিকতার মাধ‌্যমে মানুষের চাহিদা ও সমস‌্যাগুলো তুলে ধরবে। যারাই সরকারে থাকবে তাদের কাছে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং সমাজকে এগিয়ে নিতে সহায়তা করবে।

শামসুল হক টুকু বলেন, হলুদ সাংবাদিকতা অগ্রসরমান একটি দেশকে পেছনের দিকে নিয়ে যায়। সংবাদপত্র ধারালো অস্ত্র নয় কিন্তু ধারালো অস্ত্রের চেয়েও শক্তিশালী। মানুষ তার চিন্তা ভাবনাকে লেখনীর মাধমে প্রকাশ করে। এটি খারাপকে আরও শক্তিশালী করতে পারে অন‌্যদিকে ভালো দিকটাকেও সামনের দিকে এগিয়ে নিতে পারে। দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে সাংবাদিকতা করবেন নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের শক্তি বৃদ্ধির পথে এবং দেশের অভ‌্যন্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হিসেবে যারা কাজ করে তাদের হাতকে শক্তিশালী করবেন তা নিয়ে সমাজের বিবেকবান মানুষদের ভাবতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলী, ঈশ্বরদী পৌর মেয়র ইছহাক আলী মালিথ। প্রধান বক্তা ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।  

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথ, পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবাদ সাতদিন পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ। সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক খোন্দকার মাহবুবুল হক দুদু।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন