পাবনায় আর্জেন্টিনার খেলা ঘিরে চাঁদাবাজির অভিযোগ, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে নৈশভোজের খরচের টাকা জোগাড় করতে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।

চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর অটোরিকশা আটকে ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা এবং তাঁর ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার সময় আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সোয়া নয়টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ এসব তথ্য জানায়।

গ্রেপ্তার যুবকের নাম রাতুল ইসলাম (২৩)। তিনি পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার রাসেল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাতুল ও তাঁর পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের ফুটবল বিশ্বকাপের খেলা উপলক্ষে গত বুধবার রাতে একটি বড় নৈশভোজের আয়োজন করেন। এর খরচ জোগাড় করতে তাঁরা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীর কাছে জোর করে চাঁদা দাবি করেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় মুদিদোকানি জাকির হোসেনের কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। তবে জাকির চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুপুরে বৌবাজার ব্রিজের ওপর জাকিরের মালিকানাধীন একটি অটোরিকশা আটকে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। চাঁদার টাকা না দিলে অটোরিকশার ব্যাটারি খুলে বিক্রি করে টাকা আদায় করা হবে বলেও হুমকি দেওয়া হয়। তবে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা অটোরিকশাটি ছেড়ে পালিয়ে যান।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁদা না পাওয়ার ক্ষোভে পরে জাকির হোসেনের ওপর বড় ধরনের হামলা বা তাঁর বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করেন তাঁরা। আর্জেন্টিনার খেলা চলাকালে সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে পলাতক সহযোগীরা রাতুলের কাছে একটি কালো ব্যাগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রেখে যান।

এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। তবে রাতুলকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন