নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু সেবা, উপকৃত আড়াই শতাধিক


নিজস্ব প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং চিকিৎসা–পরামর্শ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। বুধবার উপজেলার ঢুলটি বেদুনদিয়ায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।


স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু এবং সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় ৬০ জন ছানি রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। এ ছাড়া দুই শতাধিক মানুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা–পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অনেকের মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।

নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।


স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন