নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সের চালক পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন (৩৫)। বুলু খাতুন সম্পর্কে মারা যাওয়া এক শিশুর নানি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাঁথিয়ায় ফিরছিল। পথে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় বিপরীতমুখী পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাজ হোসেন ও শিশুর নানি বুলু খাতুন মারা যান। আহত হন অ্যাম্বুলেন্সে থাকা আরও চার আরোহী।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।


