নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো. রানা হোসেন (৪০) ঈশ্বরদী শহরের বাসিন্দা মো. বাবর আলীর ছেলে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শিশুটির মায়ের অভিযোগ থেকে জানা গেছে, শিশুটির মা প্রতিদিনের মতো কাজে যাওয়ার সময় তার তিন বছরের শিশুকন্যাকে বোনের বাড়িতে রেখে যান। দুপুরে বৃষ্টির সময় শিশুটি তার খালার ঘরেই ঘুমাচ্ছিল। এই সুযোগে শিশুটির খালু রানা ওই শিশুকে ধর্ষণ করে। গোসলখানা থেকে শিশুটির চিৎকার শুনে তার খালা এসে নিজের স্বামীকে এই অবস্থায় দেখতে পান। এরপর তিনি দ্রুত ‘৯৯৯’ নম্বরে কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ আসার আগেই রানা পালিয়ে গেলেও পরে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘৯৯৯ থেকে কল পাওয়ার পরপরই আমরা অভিযান চালাই। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলেই আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে একপর্যায়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে শিশুকন্যাকে ধর্ষণের খবর পেয়ে শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তানকে প্রতিদিন আমার বোনের বাড়িতে রেখে কাজে যাই। আপন বোনের স্বামী এ ধরনের অপরাধ করেছে জেনে আমি বিস্মিত হয়েছি। সে আমার আপন দুলাভাই হলেও আমি আমার মেয়ের ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

