নিজস্ব প্রতিবেদক: এশিয়ান আরচারি প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী ঈশ্বরদীর কৃতি তীরন্দাজ ঐশ্বর্য রহমান তিতাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পরিষদের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের আজীবন সদস্য অধ্যাপক উদয় নাথ লাহিড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আজীবন সদস্য অধ্যাপক আখতার হোসেন, সাধারণ সম্পাদক এস. আলমগীর, নির্বাহী সদস্য আশিকুর রহমান লুলু ও সহসাধারণ সম্পাদক সেলিম সরদার। এ ছাড়া আরও বক্তব্য দেন আতাউর রহমান বাবলু, সদস্য মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, তীরন্দাজ ঐশ্বর্য রহমান তিতাস ও তাঁর বাবা মিজানুর রহমান খোকন।
অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে ভিয়েতনামকে হারিয়ে দলগত ও ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন ঐশ্বর্য রহমান তিতাস ও তাঁর দল। তিতাস ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মিজানুর রহমান খোকন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এবং মা শাহীনা আক্তার একজন সংস্কৃতিকর্মী।
এশিয়ান আরচারিতে এই সাফল্যের আগে তিতাস ১২তম ও ১৩তম জাতীয় আরচারিতে এককভাবে স্বর্ণপদক পেয়েছিলেন। এ ছাড়া তিনি ১৫তম আসরে ব্রোঞ্জ এবং ১৬তম আসরে স্বর্ণপদক লাভ করেন।
তিতাস ঈশ্বরদীর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পাস করে ২০০৯ সালে বিকেএসপিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। পরে এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেন তিনি। এইচএসসি পাসের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে টঙ্গী ন্যাশনাল ক্লাবে কোচ হিসেবে যোগ দেন। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে বিকেএসপির আরচারি কোচ হিসেবে নিয়োগ পান তিনি। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।
সংবর্ধনার জবাবে ঐশ্বর্য রহমান তিতাস বলেন, ‘বাংলাদেশের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জিততে পারলে আমার স্বপ্ন পূরণ হবে।’

