ঈশ্বরদীতে জেলে পরিবারকে মারধরের অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে এক জেলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে শনিবার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মৃত ফিরিঙ্গির ছেলে শ্রী সীতারাম। তিনি জানান, পদ্মা নদীতে মাছ ধরে তিনি সংসার চালান। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর নানা বিষয়ে বিরোধ চলছিল। সেই শত্রুতার জেরে গত ২ মে বিকেলে তাঁর বাড়ির উঠানে ভাদু মন্ডলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সীতারামের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাঁকে খুব গালিগালাজ করে। প্রতিবাদ করায় ভাদু মন্ডল অন্যদের মারধরের নির্দেশ দেন। এরপর লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করা হয়। একপর্যায়ে নন্দ নামের একজন লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর বাঁ হাতের কবজিতে প্রচণ্ড আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়।

সীতারাম আরও অভিযোগ করেন, ভাদু মন্ডলের আঘাতে তাঁর মাথার বাঁ পাশে কানের ওপরে জখম হয়েছে। হামলাকারীরা তাঁর বুক ও পেটে লাথি মেরে আহত করে এবং মাছ বিক্রির ১৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

তিনি বলেন, তাঁর চিৎকার শুনে ছোট ছেলে গোপাল (১৫) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। আত্মরক্ষার চেষ্টা করার সময় গোপালের বাঁ হাতের একটি আঙুলের নখ উঠে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সীতারামকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠান। ঘটনার পর ঈশ্বরদী থানায় মামলা করা হলেও অভিযুক্ত ভাদু মন্ডলকে গ্রেপ্তারের পর পুলিশ রাতেই ছেড়ে দেয় বলে দাবি করেন সীতারাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছোট ভাই মনা সাহানী, পাকশী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জিন্নান শেখ, বিশু সরকার, সুমিত্রা রাণী ও সূযী রাণীসহ স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্য ও এলাকাবাসী এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘ঘটনার পর মামলা হয়েছে এবং সেটি তদন্ত করা হচ্ছে। পুলিশ অভিযানে গেলে অভিযুক্তদের একজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহীতে পাঠানো হয়। অভিযুক্ত ভাদু মন্ডলের ছেলে শ্রী নন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন