ঈশ্বরদীতে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা: অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনায় এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা হয়। সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘ঈশ্বরদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতির দিকে যেতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাম্প্রতিক সব অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সংসদ সদস্য তাঁর বক্তব্যে গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রগুলোতে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এবং ঈশ্বরদী সংবাদিক কেন্দ্রের আহ্বায়ক আব্দুল মান্নান টিপুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সভায় উপস্থিত কর্মকর্তারা আশ্বস্ত করেন যে, অপরাধ দমনে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন