নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আকাশ আলী ওরফে আরিয়ান রিমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকার আরআরপি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি মোটরসাইকেলে চড়ে রিমনসহ তিনজন লালপুরের দিকে যাচ্ছিলেন। পথে ভাদুর বটতলা এলাকায় অজ্ঞাত একটি ভারী যানবাহন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহীরা সড়কে ছিটকে পড়লে ওই যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক যানটি শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

