রাজধানীর বিভিন্ন স্থানে ফানুস থেকে আগুন


নিজস্ব প্রতিবেদক: চলে যাওয়া ২০২৩ সালের শেষ প্রহরে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস না ওড়াতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বারবার বলা হলেও থামানো যায়নি আনন্দপ্রিয় অনেক নাগরিককে। নতুন বছর শুরুর মাহেন্দ্রক্ষণে বাজির আলোকচ্ছ্বটায় আকাশ উজ্জ্বল হতে শুরু করে। সেইসঙ্গে রাতের আকাশে ওড়ে শত শত ফানুস। এসব ফানুস ওড়ানোর কারণে রাজধানীর বেশ কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর গণমাধ্যম শাখার কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল রোববার রাতে মাতুয়াইলের স্কুল রোডের একটি বাড়িতে বড় আকারে আগুন লাগার ঘটনা ঘটে। বাড়িটির ছাদে একটি ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে সূত্রাপুরের ধোলাইপাড়ে ফানুস থেকে অপর একটি আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। তবে এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এ ছাড়া ঢাকার আশপাশে যেসব জায়গায় আগুন লেগেছিল সেগুলোও নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়নি বলে জানান তিনি।

অপরদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘ফানুস ওড়ানোর কারণে রাজধানীর লালবাগ, পলাশী, মোহাম্মদপুর, সূত্রাপুর, ডেমরা, পোস্তগোলা, খিলগাঁওসহ বেশকিছু জায়গায় অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছি। এসব জায়গায় ফায়ার সার্ভিসের দুই থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে বড় পরিসরে কোনো অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়নি।’

কামরাঙ্গীচরের নুরবাগ এলাকায় একটি মাজার ফানুসের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজারের ছাদ পুড়ে গেছে। পরে সেখানে থেকে আগুন ছড়াতে থাকে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পানি ঢেলে সেটা নেভালেও এ সময় আশপাশের বাসাবাড়িতে ভীতি ছড়ায়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন