রাতে ঘুরে ঘুরে কম্বল দিলেন ইউএনও


নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাঁটায় রাত তখন পৌনে ১১টা। ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন লোক সমাগম থাকলেও শীতের প্রকোপে নিস্তব্ধতা। হিম শীতল ঠাণ্ডায় সবার অবস্থা জবুথবু। সারাদিনের কাজের ক্লান্তির পর সামান্য শীতের কাপড় মুড়িয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষগুলোর। 

কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতের কম্বল নিয়ে এসে রেলওয়ে ষ্টেশনের টিকিট কাউন্টার, জংশন স্টেশনের মূল প্লাটফরম ও শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে শুয়ে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিলেন ঈশ্বরদীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ। 

পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার রাতে শীতার্ত ও অসহায় মানুষগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ কম্বল বিতরণ করেন তিনি।  

ঈশ্বরদী জংশন এলাকার রিকশাচালক গিয়াসউদ্দিন বলেন, ইউএনও স্যারকে রাতের বেলা প্রায়ই ঘুরতে দেখি, স্যার—মানুষ বলে কথা বলার সুযোগ পাইনি। আর উনি আমাদের কথা চিন্তা করে কম্বল নিয়া আইছে, এটা বড় ব্যাপার। 

ইউএনও সুবীর কুমার দাশ বলেন, গরিব মানুষের শীত—কষ্ট নিজের চোখে দেখার জন্যই ঘুরে ঘুরে কম্বল দিলেন। উপজেলায় অনুষ্ঠান করে কম্বল দিতে গেলে অনেক সময় প্রকৃত গরিবেরা কম্বল পায় না। তাই সত্যিকার যাদের প্রয়োজন, তারা পাবে — একারণেই আমি নিজে গিয়েছি ।

এছাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য।  

এ সময় তাঁর সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন