নতুন পরিচয়ে শাহরুখকন্যা সুহানা

নিজস্ব প্রতিবেদক: বাবা বলিউড কিং শাহরুখ খানের কারণে শোবিজে আসার আগেই সেলেব্রিটির কাতারে পড়েন কন্যা সুহানা খান। এরপর অভিনয়ে নামার পর অনেকটাই তারকা হয়ে যান এই স্টারকিড। আর মাত্র কয়েক দিন পরেই অভিনেত্রী হিসেবে সিনেমার পর্দায় অভিষেক হতে চলেছে সুহানা খানের। ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন জোয়া আখতার।

জানা গেছে, আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘দ্য আর্চিজ’। বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সুহানা। তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর। ‘দ্য আর্চিজ’ সিনেমাতেই একটি গান গেয়েছেন শাহরুখকন্যা।

সদ্যই মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিজ’-এর নতুন গান ‘যাব তুম না থি’। আর এই গানে কণ্ঠ দিয়েছেন সুহানা। বলিউডের জনপ্রিয় সুরকারের দল শঙ্কর-এহসান-লয়ের সুরে গানটি গেয়েছেন তিনি। গানে সুহানার পাশাপাশি আরও কণ্ঠ দিয়েছেন ডট, তেজস এমনকি জাভেদ আখতারের মতো বর্ষীয়ান শিল্পীও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গানের ঝলক পোস্ট করে সুহানা লেখেন, ‘আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেয়ার জন্য।’

‘দ্য আর্চিজ’ সিনেমায় অভিনয় করার জন্য স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণও নিয়েছেন সুহানা ও বাকি কলাকুশলীরা। এমনকি স্কেটিং জুতো পরে মসৃণ মেঝেতে নাচের মহড়া দিতে গিয়ে বারবার উল্টেও পড়েছেন তারা। কিন্তু হাল ছাড়েননি সুহানা। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।

শুধু স্কেটিংই নয়, এই সিনেমার জন্য ব্যালে নাচও শিখেছেন সুহানা। ব্যালে শিখতে গিয়ে মাটিতে পড়ে অনেক আঘাতও পেয়েছেন। বাবার মতোই নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমেই বলিউডে নিজের জায়গা তৈরি করতে চান সুহানা। আর তাই নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে কোনো খামতিও রাখছেন না শাহরুখকন্যা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন